
ঢাকার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, কুড়াল, চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মানিকগঞ্জ, কুড়িগ্রাম, নাটোর ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে সংঘবদ্ধভাবে ডাকাতি কার্যক্রম পরিচালনা করছিল।
চক্রটি মূলত নবীনগর-চন্দ্রা মহাসড়কে চলাচলকারী পণ্যবাহী যানবাহন—বিশেষ করে গরু, চিনি, চাল, তেল ও রড বহনকারী ট্রাককে টার্গেট করে ডাকাতি করত বলে জানায় পুলিশ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৭টি মামলা রয়েছে।
Leave a Reply