
ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর সদস্যরা এক ব্যক্তিকে হেরোইনসহ আটক করেছে। শনিবার ভোরে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ২৫ এপ্রিল ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানার টি.এস পাম্প সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মোঃ পারভেজ হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়, যিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বাড়ি কাঁইচা বাড়ি বটতলা এলাকায়। তল্লাশির সময় তার কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply