
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরকীয়ার অভিযোগ তুলে নিজের স্ত্রী ও প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, গত ১ জুলাই নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে ওই যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান তার স্ত্রী।
অভিযোগকারী মনি চন্দ্র দে জানান, প্রায় সাত বছর আগে ঝরনা রানির সঙ্গে তার বিয়ে হয়। তাদের ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তার দাবি, দীর্ঘদিন ধরে ঝরনা রানির সঙ্গে প্রতিবেশী রুদ্র চন্দ্র’দের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
তিনি আরও জানান, জীবিকার তাগিদে হোটেলে কাজ করার কারণে দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকতে হতো। সেই সুযোগে তার স্ত্রীর সঙ্গে রুদ্র চন্দ্র দের ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ করেন তিনি।
গত ১৫ জুলাই ঈশ্বরগঞ্জ থানায় দেওয়া লিখিত অভিযোগে মনি চন্দ্র দে উল্লেখ করেন, গত ১ জুলাই তার স্ত্রী রুদ্র চন্দ্র’দের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। এ সময় ঘরে থাকা প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও প্রায় ৪৫ হাজার টাকাও সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে অভিযুক্তের পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান হয়নি। বরং বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রাজিবপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি জনি দে বলেন, রুদ্র চন্দ্র দে কিশোর দলের সঙ্গে সম্পৃক্ত। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে যথাযথ বিচার হওয়া প্রয়োজন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম জানান, পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এদিকে অভিযুক্ত রুদ্র চন্দ্র দে ও তার পরিবারের ব্যবহৃত দুটি মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। তবে রুদ্রের চাচা রনজিৎ চন্দ্র দে দাবি করেন, মুঠোফোনে পরিচয়ের মাধ্যমে রুদ্র ও ঝরনা রানির সম্পর্ক গড়ে ওঠে। তিনি আরও দাবি করেন, ঝরনা রানি তার স্বামীকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবোধ রঞ্জন সরকার বলেন, বিষয়টি তার জানা রয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে ঘটনার যথাযথ বিচার হওয়া উচিত।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply