
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে একটি ফিলিং স্টেশনে জ্বালানির পরিমাপে অনিয়ম পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. নাজমুস ছালেহীনের নেতৃত্বে তারাকান্দা উপজেলার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন এবং মেসার্স জামান ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় বিএসটিআই, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ।
অভিযানে দেখা যায়, মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ২০০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৩৬০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে ফুয়েল ডিসপেনসারের ক্যালিব্রেশন সঠিক করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিপূর্বেও মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন কে সর্তক ও বেশ ক’বার অর্থদণ্ড করা হয়েছে।
অন্যদিকে, মেসার্স জামান ফিলিং স্টেশনে তেলের পরিমাপ শতভাগ সঠিক পাওয়া যায়। এ জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।আগেও যতোবারই অভিযান পরিচালনা করা হয়েছে সমগ্র উপজেলার ৪ টি পেট্রোল পাম্পের মাঝে জামান ফিলিং স্টেশন পণ্যের সঠিক মাপ ও গুণগত মান বজায় রেখে গ্রাহক পর্যায়ে সেবা দিয়েছে বলে জানিয়েছেন গ্রাহকগণ।
সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস সালেহীন জানান, ভোক্তাদের ন্যায্য অধিকার ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।






Leave a Reply