
সাভারের আশুলিয়ার জিরানী বাজার এলাকায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক পরিদর্শন চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগ সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। পরদিন মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারি।
স্বাস্থ্য কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, পরিদর্শনের সময় প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের অসংগতি পাওয়া যায়। এর মধ্যে প্যাথলজিস্টের উপস্থিতি ছাড়া মেডিকেল টেকনোলজিস্টের স্বাক্ষরে পরীক্ষার প্রতিবেদন দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ল্যাবের সেবার মান নিয়েও অসংগতি পাওয়া গেছে বলে তিনি জানান।
সিলগালা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টার, আয়েশা হাসপাতাল, নাসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতাল, নিউ সুপার ডায়াগনস্টিক সেন্টার এবং শাহানা ডিজিটাল হাসপাতালের প্যাথলজি বিভাগ।
ডা. মো. ফজলে বারি জানান, প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে পরিদর্শনে গিয়ে এসব অসংগতি পাওয়া যায়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধনের বিষয়ে চিঠি দেওয়া হবে। নির্ধারিত বিষয়গুলো ঠিকভাবে বাস্তবায়ন করা হলে পরবর্তীতে পুনরায় সুযোগ দেওয়ার কথাও জানান তিনি।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
Leave a Reply