
কুমিল্লার দাউদকান্দিতে মো. আল-মামুন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত আল-মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আল-মামুনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, নিহত মামুনসহ তিন নারী ওই রাতে একটি বাসে করে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন। পথে গৌরীপুর স্টেশনে বাসটি থামলে মামুন পানি কিনতে নেমে পড়েন। তখনই ৩-৪ জন দুর্বৃত্ত হঠাৎ এসে তার ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। তবে পূর্ব শত্রুতার জের থাকতে পারে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
পুলিশ সূত্রে জানা গেছে, আল-মামুনের বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ অন্তত ২৩টি মামলা রয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মামুন গৌরীপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। এলাকায় প্রভাব বিস্তার ও আধিপত্য বিস্তারের জেরেই হয়তো এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে গৌরীপুর মোড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে তল্লাশির সময় আল-মামুনের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় মদ উদ্ধার করে তাকে আটক করা হয়। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply