আশুলিয়ায় মোবাইল চুরি করে বিকাশের টাকা আত্মসাৎকারী , মূলহোতা গ্রেফতার
মনির মন্ডল; সাভার (আশুলিয়া) প্রতিনিধি
আপডেট টাইম :
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
৭৪
বার পঠিত
আশুলিয়ায় নরসিংহপুর এলাকার একটি দোকান থেকে মোবাইল চুরি করে বিকাশের টাকা আত্মসাত চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে আত্মসাত হওয়া ৩ লাখ ৪৬ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ।
এর আগে, সোমবার ভোর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের আকবর শাহ থানার সিটিগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সে,কক্সবাজার জেলার মহেশখালী থানার চিকনিপাড়া এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে মো.ওসমান গনি (২০) ।
পুলিশ জানায়, গত ২৭ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের আদিব সুপার মার্কেটের সবুজ টেলিকম নামের বিকাশ ও কসমেটিক্স দোকানে গিয়ে ৫০০ টাকা বিকাশে লেনদেন করেন এবং দোকানীর নিকট এক প্যাকেট প্রাণের দুধ দিতে বলেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। দোকানী তার বিকাশের এজেন্ট মোবাইলটি টেবিলে রেখে দুধের প্যাকেট আনতে গেলে উক্ত ব্যক্তি বিকাশ এজেন্টের মোবাইলটি সুকৌশলে চুরি করে পালিয়ে যায়। পরবর্তীতে দোকানী তার বিকাশ এজেন্ট সিমটি সংগ্রহ করে জানতে পারেন একাউন্টে থাকা ৩ লাখ ৪৬ হাজার টাকা ৭টি ভিন্ন ভিন্ন নাম্বারে ক্যাশ আউট ও সেন্ট মানি করে তুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজে অজ্ঞাত চোরের দোকানে প্রবেশ ও চুরির দৃশ্য ধরা পড়ে। পরে দোকানের মালিক সবুজ হাওলাদার বাদী হয়ে গত ৭ মার্চ আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ জানান, তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরকে শনাক্ত করা হয়। পরে সঙ্গীয় এএসআই আলমগীর হোসেন সোহাগ ও কনস্টেবল ফারুক হোসেনের সহায়তায় চট্টগ্রামের আকবর শাহ থানার সিটিগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এসময় তার কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার ও আত্মসাত হওয়া বাকী টাকা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply