
সরকারি জমি নিজের নামে বন্দোবস্তের দাবি করে টাকা আদায়ের অভিযোগ কলেজ প্রভাষকের বিরুদ্ধে, ঘরবাড়িতে আগুন দেওয়ার হুমকির অভিযোগ


ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ঢালে সরকারি জমিতে বসবাসকারী ২৬টি ভূমিহীন পরিবারের কাছ থেকে টাকা আদায় এবং দাবিকৃত টাকা না দিলে বসতঘরে আগুন দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক খন্দকার রেজাউল করিমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দক্ষিণ আইচা থানা-পুলিশকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। অতিরিক্ত ডিআইজি (ক্রাইম রেঞ্জ) মো. জান্নাতুল হাসানের স্বাক্ষরিত ওই চিঠিতে অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, নদীভাঙনে বসতভিটা হারিয়ে প্রায় ১০ বছর আগে তাঁরা দক্ষিণ আইচা এলাকায় বেড়িবাঁধের ঢালে সরকারি জমিতে বসতি গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে সেখানে বসবাস করছেন তাঁরা। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে খন্দকার রেজাউল করিম তাঁদের কাছে টাকা দাবি ও আদায় শুরু করেন বলে অভিযোগ।
পরিবারগুলোর অভিযোগ, তাঁরা যে জমিতে বসবাস করছেন, সেটি নিজের নামে বন্দোবস্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন রেজাউল করিম। এ দাবির ভিত্তিতে বিভিন্ন পরিবারের কাছ থেকে টাকা নেওয়া হয়। পরবর্তী সময়ে আরও টাকা দাবি করা হলে তাঁরা দিতে অস্বীকৃতি জানান। এতে তাঁদের বাড়িতে গিয়ে চাপ প্রয়োগ, পরিবারের নারীদের হুমকি এবং দাবিকৃত টাকা না দিলে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, টাকা আদায় ও পরবর্তী সময়ে চাপ প্রয়োগের কথোপকথনের ভিডিও তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে। এসব ভিডিওতে টাকা নেওয়া এবং আরও টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগের কথোপকথন ধারণ করা হয়েছে বলে তাঁদের দাবি।
অভিযোগকারী মনির হোসেন জানান, ৫ আগস্টের পর রেজাউল করিম তাঁদের কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছেন। পরে আরও টাকা দাবি করলে তাঁরা দিতে অস্বীকৃতি জানান। তাঁর অভিযোগ, রাতে বাড়িতে গিয়ে পরিবারের নারীদের দাবিকৃত টাকা না দিলে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তাঁদের ব্যবহৃত একটি পুকুর জোরপূর্বক দখল করে মাছ ছাড়ার অভিযোগও করেন তিনি।
ভুক্তভোগী আসমা বেগমের অভিযোগ, তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা এবং তাঁর দেবরের কাছ থেকে আরও ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। একই ধরনের অভিযোগ করেছেন রবিউল্লাহ মাঝি। তাঁর ভাষ্য, টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানি ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
এদিকে জমির বন্দোবস্তসংক্রান্ত একটি নথিতে ২০০৮ সালের ১১ মার্চ খন্দকার রেজাউল করিমের স্বাক্ষরিত একটি দরখাস্তের তথ্য পাওয়া গেছে। ওই দরখাস্তে তাঁর নামের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা একটি কথিত ভুয়া বন্দোবস্ত বাতিলের আবেদন করা হয়েছিল। তবে ওই দরখাস্তের সঙ্গে বর্তমানে ভুক্তভোগী পরিবারগুলোর বসবাস করা জমির বন্দোবস্তের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অভিযোগ আসার পর পুলিশ সুপার তাঁকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। তিনি ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের বক্তব্য রেকর্ড করেছেন। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চরের ধান কেটে নেওয়া ও জমি দখলের অভিযোগও রয়েছে। তদন্ত শেষে পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি।
এ ঘটনায় দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বসবাস করা ২৬টি ভূমিহীন পরিবারের নিরাপত্তা ও বসতভিটা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগীরা তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জমির প্রকৃত মালিকানা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply