
সিলেটের সালুটিকরে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সাদাপাথর উদ্ধার করেছে র্যাব-৯ ও জেলা প্রশাসন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ছালিয়া এলাকার একটি ক্রাশার মিলে গোপন অভিযানে দেড় লাখ ঘনফুট সাদাপাথর পাওয়া যায়।
র্যাব সূত্র জানায়, পাচারের উদ্দেশ্যে পাথরগুলো গর্ত খুঁড়ে মাটির নিচে রাখা হয়েছিল। সুযোগ বুঝে সেগুলো ক্রাশারে ভেঙে সরবরাহ করার পরিকল্পনা ছিল চক্রটির। তবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও প্রশাসনের যৌথ অভিযানে সব পাথর উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী ও সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত। তারা জানান, পাথরের মালিকদের খুঁজে বের করতে তদন্ত চলছে এবং পাচারচক্রের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
এর আগের দিন সোমবার (৮ সেপ্টেম্বর) সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় পৃথক অভিযানে আরও ১০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়েছিল।
Leave a Reply