
রাজশাহী বিভাগীয় যুব সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬-এ ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ হওয়ার গৌরব অর্জন করেছে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর আল-হেরা ইসলামী একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী সাবিয়া জান্নাত রুকু।
রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে রাজশাহী, নওগাঁ, নাটোর ও বগুড়া জেলার শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় নির্ধারিত ৫০ নম্বরের মধ্যে ৪৯ নম্বর পেয়ে সর্বোচ্চ স্থান অর্জন করে রুকু।
বেসরকারি স্বেচ্ছাব্রতী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত বিভাগীয় যুব সম্প্রীতি অলিম্পিয়াডে অসাধারণ ফলাফলের জন্য সংস্থাটির রাজশাহী অঞ্চলের পক্ষ থেকে রুকুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে নজিপুর আল-হেরা ইসলামী একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকেও অভিনন্দন জানানো হয়।
সাবিয়া জান্নাত রুকুর বাবা মো. আব্দুস সালাম রিপন সন্তোষপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং মামুদপুর বাজারের ‘মাস্টার ফল ভান্ডার’-এর স্বত্বাধিকারী।
রুকুর এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা তার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
Leave a Reply