


















সাভারে অনুষ্ঠিত দক্ষিণ রাজাসন লালটেক রমজান মসজিদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচে আবির একাদশকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইনায়া একাদশ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বাবুর মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলের জন্য ১০ হাজার টাকা এবং রানার্সআপ দলের জন্য ৫ হাজার টাকা পুরস্কার নির্ধারিত ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন মোল্লা, সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী আক্তার শিলা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড, সাভার পৌরসভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট শাহীন। এছাড়া হাজী মুক্তার, আব্দুস সাত্তার, সাদ্দাম হোসেন(এসএ টিভির সাংবাদিক) -সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন মোল্লা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নির্বাচনে জয়ী হলে সাভারের ব্যাপক উন্নয়নে কাজ করার প্রত্যাশার কথাও তিনি বক্তব্যে তুলে ধরেন।
বিশেষ অতিথি শিল্পী আক্তার শিলা তরুণদের খেলাধুলার মাঠে ব্যস্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণরা নিয়মিত খেলাধুলায় যুক্ত থাকলে মাদক থেকে দূরে রাখা সহজ হবে। পাশাপাশি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা উল্লেখ করেন। তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধিদের উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।
ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠে খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় দর্শকদেরও উপস্থিতি ছিল। ইনায়া একাদশের ৪-১ গোলের জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
Leave a Reply