
মানিকগঞ্জে পারিবারিক রাস্তা জবরদখলের চেষ্টা এবং অব্যাহত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা আলী আশরাফ ও তার পরিবার।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে জানানো হয়, পৈতৃক ৬০ শতাংশ জমি উত্তরাধিকার সূত্রে মালিক হন মো. আলী আলাউদ্দিন, মো. আলী আশরাফ ও শেখ রুবাইয়াত ইসলাম। তাদের বাবা অ্যাডভোকেট রহমত আলী জীবদ্দশায় ওই জমি সন্তানদের লিখে দেন এবং যাতায়াতের সুবিধার্থে একটি ১৩ ফিট প্রশস্ত রাস্তার উল্লেখ রাখেন। তবে এ রাস্তা কেবল পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য নির্ধারিত।
অভিযোগ করা হয়, গত ৩০ আগস্ট একটি স্বার্থান্বেষী মহল ওই ব্যক্তিগত রাস্তা ব্যবহারের দাবিতে মানববন্ধন করে। এ বিষয়ে আলী আশরাফ বলেন, “একটি কুচক্রী মহল আমাকে ও আমার পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে।”
তিনি আরও দাবি করেন, ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম ও জসিম গংদের নেতৃত্বে দেড় শতাধিক ছাত্রলীগ-যুবলীগ কর্মী তার বাড়ি দখলের চেষ্টা চালায়। তারা বাড়ির গাছ কেটে নেয় ও সীমানা প্রাচীর ভেঙে রাস্তা বানানোর চেষ্টা করে।
ঘটনার পর তার স্ত্রী বিথী আক্তার মানিকগঞ্জ পুলিশ সুপারের কাছে অভিযোগ করলেও রাজনৈতিক পরিচয়ের কারণে ন্যায়বিচার পাননি বলে অভিযোগ করেন আলী আশরাফ। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানান এবং মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply