
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। এর আগেই পরবর্তী জাকসু নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বর্তমান সংসদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাকসু ভবনের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দাবি তুলে ধরেন জাকসুর নেতৃবৃন্দ। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসানের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানানো হয়।
📌 চার দফা দাবিতে যা রয়েছে:
🔹 নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের জন্য সুস্পষ্ট নির্বাচনী ক্যালেন্ডার প্রণয়ন
🔹 বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু ও দ্রুত তফসিল ঘোষণা
🔹 জাকসুর গঠনতন্ত্র ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করা
🔹 শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জাকসুকে আরও কার্যকর করতে প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় ও মতবিনিময়ের ব্যবস্থা করা।
জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ও জাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষায় বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচনের রোডম্যাপ প্রয়োজন। তাঁর মতে, ১৮ সেপ্টেম্বরের পর দীর্ঘ সময় নেতৃত্বশূন্যতা তৈরি না করে আগেভাগেই নির্বাচনী প্রক্রিয়া শুরু করা উচিত।
জাকসুর সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু জানান, বর্তমান সংসদের মেয়াদে বিশ্ববিদ্যালয়ের অটোমেশন কার্যক্রমের উদ্বোধনসহ রাস্তা সংস্কার, শিক্ষা ও গবেষণাসংক্রান্ত বিভিন্ন কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে।
এদিকে জাকসুর আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে অডিট কমিটি গঠনের কথাও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগে আয়-ব্যয়ের হিসাব শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের পরিকল্পনার কথাও জানান নেতারা।
উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত নেতৃবৃন্দ ১৮ সেপ্টেম্বর শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। সেই হিসাবে আগামী ১৮ সেপ্টেম্বর বর্তমান সংসদের এক বছর মেয়াদি কার্যকাল শেষ হওয়ার কথা।
Leave a Reply