
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, বিমা প্রিমিয়াম ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, চলমান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি আমদানি ব্যয়ও বেড়েছে। ফলে আগের দামে জ্বালানি তেল বিক্রি করে সরকারের পক্ষে বড় অঙ্কের লোকসান সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত জ্বালানি তেলের মূল্য সমন্বয় না করায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য না করায় প্রতি মাসে গড়ে প্রায় ৩ হাজার ৮১৩ কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশকে বছরে প্রায় ৭০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করতে হয়। এর মধ্যে প্রায় ৪৫ লাখ মেট্রিক টন ডিজেল। আন্তর্জাতিক বাজারে ডিজেলের মূল্য গড়ে প্রতি লিটার ২০৫ টাকা হলেও মূল্য সমন্বয়ের আগে দেশে তা ১১৫ টাকা লিটারে বিক্রি হচ্ছিল। মূল্য সমন্বয়ের পরও প্রতি লিটারে প্রায় ৭০ টাকা ভর্তুকি দিতে হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রীর হিসাব অনুযায়ী, মূল্য সমন্বয় না করা হলে শুধু ডিজেলেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান বা ভর্তুকি দিতে হতো। সব ধরনের জ্বালানি তেল মিলিয়ে এ পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকায় দাঁড়াতে পারত। একই সঙ্গে জ্বালানি তেলে অতিরিক্ত ভর্তুকি অব্যাহত রাখলে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতেও চাপ তৈরি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, কম দামে জ্বালানি তেল বিক্রি অব্যাহত থাকলে প্রতিবেশী দেশগুলোতে পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল। এ কারণে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রয়োজন হয়েছে বলে তিনি জানান। জনগণের ওপর দাম বৃদ্ধির প্রভাবের জন্য দুঃখ প্রকাশ করে পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে দাম পুনরায় সমন্বয়ের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
জ্বালানি তেলের নতুন মূল্য:
সোমবার থেকে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা প্রতি লিটার করা হয়েছে।
Leave a Reply