
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই— আমি জ্ঞানত কোনো রাজনৈতিক দল বা ঘরানার প্রতি অনুরক্ত নই। বিশ্ববিদ্যালয়ের ভেতরে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই, এটিই আমার পথ।”
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে সিনেট ভবনে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ভিসি আরও বলেন, “এবারের ডাকসু নির্বাচন ভোটার ও প্রার্থীর সংখ্যা বিবেচনায় একটি বড় আয়োজন ছিল। সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। যদিও দুই-তিনটি অভিযোগ এসেছে, তবে সেগুলোর বিষয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিচ্ছে। বড় ধরনের কোনো অনিয়মের তথ্য আমরা পাইনি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজনৈতিক প্রভাবাধীন কি না— এমন প্রশ্নে তিনি জানান, “এগুলো আসলে দৃষ্টিভঙ্গির বিষয়। যার যেমন পারসেপশন থাকবে তিনি তেমনভাবে দেখবেন। তবে আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনও যুক্ত ছিলাম না।”
তিনি আরও যোগ করেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব আমরা একটি বিশেষ পরিস্থিতিতে হাতে নিয়েছিলাম। তখন অনেক কাজ স্থবির হয়ে পড়েছিল, সেগুলো সচল করার চেষ্টা করেছি।”
এদিকে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বিকেল ৪টায় শেষ হয়। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী জানান, প্রায় ৮০ শতাংশের মতো ভোট কাস্ট হয়েছে। রাত ১১টা থেকে ১২টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র ভোটার। ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যাদের মধ্যে ৬২ জন ছাত্রী। পাশাপাশি ১৮টি হলে মোট ২৩৪টি পদে প্রার্থী হয়েছেন আরও এক হাজার ৩৫ জন।
Leave a Reply