
ময়মনসিংহের ধোবাউড়া থেকে ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। গত শুক্রবার দুপুর থেকে এ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধোবাউড়া উপজেলার যুবদল নেতা শামীম মিয়ার একটি নাইট কোচ বাস ধোবাউড়া-ঢাকা রুটের পারমিট নিয়ে ধোবাউড়া-ময়মনসিংহ সড়কে চলাচলের উদ্যোগ নেয়। এ সময় বাসটি চলাচলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে পরে ধোবাউড়া-ময়মনসিংহ রুটের সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।
শামীম মিয়া অভিযোগ করে বলেন, ধোবাউড়া রুটে শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামের দুটি নাইট কোচ বাস চলাচল করে। তার একটি নতুন রোড পারমিট পাওয়ার পর থেকেই নজরুল ইসলাম বাধা দিচ্ছেন। তিনি শ্রমিক ইউনিয়নের ক্ষমতার অপব্যবহার করে শ্রমিকদের জিম্মি করে সব গাড়ি বন্ধ করে দিয়েছেন।
তিনি আরও বলেন, “আমি চাই সবার গাড়ি উন্মুক্তভাবে চলাচল করবে। কোনো সিন্ডিকেট এলাকাবাসী মেনে নেবে না।”
বাস চলাচল বন্ধ থাকায় নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে ময়মনসিংহ শহরে বিভিন্ন কাজে যাওয়া মানুষ বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
Leave a Reply