
নওগাঁর পত্নীতলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পত্নীতলা শাখার উদ্যোগে এ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পত্নীতলা শাখার সভাপতি সবুজ সাহা।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পত্নীতলা শাখার সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী সহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শ তুলে ধরে বিভিন্ন প্রতীকী উপস্থাপনা, ধর্মীয় সঙ্গীত ও কীর্তন পরিবেশন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেন।
বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন মানুষকে সত্য, ন্যায়, মানবতা ও শান্তির পথে চলার শিক্ষা দেয়। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পরে বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



Leave a Reply