
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে পুলিশ অভিযুক্তদের মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে।
বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০১
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নারায়ণ তেওতা এলাকার ওহাব মোল্লার ছেলে সোহাগ মোল্লা (১৯) ও ইদ্রিস মোল্লার ছেলে রবিউল হোসেন (১৮)।
ভুক্তভোগী ছাত্রী তেওতা একাডেমির নবম শ্রেণিতে পড়াশোনা করে। অভিযোগে জানা গেছে, গত ১৩ জুন বিকেল সাড়ে ৫টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় সেলিম মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত মো. সজিব (১৮) ও তার কয়েকজন সহযোগী ছাত্রীটির পথরোধ করে।
এসময় সজিব মেয়েটির ওড়না ও হাত ধরে টানাহেঁচড়া করে শারীরিকভাবে হয়রানি করে এবং অশ্লীল প্রস্তাব দেয়। মেয়েটি এতে প্রতিবাদ করলে সজিব তাকে ভয় দেখিয়ে বলে, ‘আমার কথা না শুনলে তোকে মেরে লাশ গুম করে ফেলব।’
মেয়েটি আতঙ্কিত হয়ে দ্রুত বাড়ি ফিরে ঘটনাটি পরিবারকে জানায়। পরদিন ১৪ জুন সন্ধ্যায় সজিব ও তার কয়েকজন সহযোগী ভুক্তভোগীর বাড়ির সামনে এসে গালিগালাজ করে। ছাত্রীর বাবা শাহজাহান শেখ প্রতিবাদ করলে তারা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। তবে এলাকাবাসীর উপস্থিতিতে তারা পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ১৫ জুন শাহজাহান শেখ বাদী হয়ে শিবালয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখসহ সাতজন এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
সিজার ছাড়াই সন্তান প্রসব করিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শামসুন্নাহার
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply