
বাবার মৃত্যুর শোকে ৪ ঘণ্টা পর মারা যান ছেলেও। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়েছে।
মৃতদের স্বজনরা জানিয়েছেন, মো. আবুল হাসেম খান ও মো. সোলেমান খান সম্পর্কে পিতা-পুত্র। মো. আবুল হাসেম খানের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে সোলেমান খান ছিলেন বড়। উপজেলার গাউছিয়া মার্কেটে সোলেমানের দর্জি দোকান ছিল। তিনিই সংসারের যাবতীয় খরচ চালাতেন।
স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) মো. সোলেমান খান (৩০) অসুস্থ হয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। রবিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হন তার বাবা মো. আবুল হাসেম খান (৬০)। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মারা যান। বাবার মৃত্যুর সংবাদ শুনে চিকিৎসাধীন সোলেমান খান আরও অসুস্থ হয়ে পড়েন। বাবার মৃত্যুর চার ঘণ্টা পর সোমবার সকাল ৯টায় তিনিও মারা যান।
অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সোলেমান খানের ছোট ভাই মো. শাহাজালাল খান বলেন, ‘এত অল্প সময়ে বাবা ও বড় ভাইকে হারিয়ে এই কষ্ট ও শোক সহ্য করতে পারছি না। বড় ভাইয়ের আয়েই আমাদের সংসার চলত।’
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, বাবা-ছেলের মৃত্যুর ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। অসুস্থতাজনিত কারণেই দুজনের মৃত্যু হয়।
Leave a Reply