
কুয়েতে একই দিনে সাতজন দণ্ডপ্রাপ্ত বন্দির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে দেশটির কেন্দ্রীয় কারাগারে এ ফাঁসি কার্যকর করে কারা কর্তৃপক্ষ।
কুয়েতি গণমাধ্যম আরব টাইমস ও আল সেয়াসাহ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন তিনজন কুয়েতি নাগরিক, দুজন বাংলাদেশি এবং দুজন ইরানি। তাঁদের বিরুদ্ধে হত্যা ও মাদক পাচারের মতো গুরুতর অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, কুয়েতি নাগরিক আবদুল আজিজ আল জাতারি ও আহমেদ আল জালালের হত্যার সঙ্গে জড়িত কয়েকজন আসামিকে এদিন ফাঁসি দেওয়া হয়। অন্যদিকে, মাদক চোরাচালানের অভিযোগে অভিযুক্ত দুই ইরানিকেও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
একজন আসামির পরিবার শেষ মুহূর্তে প্রাণভিক্ষা হিসেবে প্রায় ২০ লাখ কুয়েতি দিনার সংগ্রহের চেষ্টা করেছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পুরো অর্থ পরিশোধ করতে না পারায় শেষ পর্যন্ত তার দণ্ড কার্যকর হয়।
তবে আরেকজন দণ্ডপ্রাপ্তের ফাঁসি শেষ মুহূর্তে স্থগিত করা হয় ভুক্তভোগীর পরিবারের ক্ষমার কারণে। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই শাস্তি কার্যকর হবে না। মানবিক কারণে ওই আসামির পরিচয় প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষের দাবি, প্রতিটি মামলার ক্ষেত্রে আইনি পর্যালোচনা, আপিল ও পুনর্বিবেচনা প্রক্রিয়া সম্পন্ন করার পরেই আইন অনুযায়ী দণ্ড কার্যকর করা হয়েছে।
Leave a Reply