
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১১ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে ।
দীর্ঘদিন পর দলে ফিরেছেন লিটন দাস ও আফিফ হোসেন। গত বছর কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে ছিলেন লিটন। সর্বশেষ ৬ ওয়ানডের চারটিতে শূন্য রানে আউট হওয়ার পর দল থেকে বাদ পড়েন তিনি। তবে টেস্টে মিডল অর্ডারে ধারাবাহিক পারফরম্যান্স দেখানো এই ব্যাটার ওয়ানডেতেও সেই ছন্দ ফেরাতে পারেন—এমনটাই আশা টিম ম্যানেজমেন্টের।
অন্যদিকে আফিফ হোসেন সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকলেও সম্প্রতি বিসিএল ওয়ানডেতে একটি সেঞ্চুরি করেন এই বাঁহাতি ব্যাটার। সেই ইনিংসসহ তিন ম্যাচে তাঁর সংগ্রহ ১২৮ রান।
মিরপুরের স্পিন সহায়ক উইকেট বিবেচনায় একাদশে দুই স্পিনার রাখার সম্ভাবনাই বেশি। সেই হিসেবে স্পিন আক্রমণে থাকতে পারেন মেহেদী হাসান মিরাজ ও তানভির ইসলাম। পেস বিভাগে দায়িত্ব নিতে পারেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা স্বস্তির নয়। তবে সাম্প্রতিক সময়ে লড়াইটা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলের সবশেষ সাত দেখায় চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৫ সালে দেশের মাটিতে পাকিস্তানকে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা, তিন বছর পর এশিয়া কাপেও আসে আরেকটি জয়।
তবে সবশেষ তিন দেখায় আবারও জয় পেয়েছে পাকিস্তান। এবার ঘরের মাঠে সেই হিসাব বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
Leave a Reply