
রাজবাড়ীর পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকায় একটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে আনোয়ার কবি মার্কেট এলাকায় অবস্থিত ফাতেমা ফার্নিচারে এ দুর্ঘটনা ঘটে। আগুনে কারখানাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অগ্নিকাণ্ডে পাশের আয়াশ রেস্টুরেন্টও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাংশা ও কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, সিএইচসিপির বিরুদ্ধে অসদাচরণ ও অনিয়মের অভিযোগ
ফাতেমা ফার্নিচারের মালিক মো. হারুনুর রশিদ জানান, “রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। পরে খবর পেয়ে এসে দেখি কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিভলেও ততক্ষণে সব পুড়ে গেছে। দামি কাঠ ও তৈরিকৃত ফার্নিচার কিছুই রক্ষা করা যায়নি।” তিনি আরও বলেন, “এই ঘটনায় প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এখন আমি নিঃস্ব প্রায়।”
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আয়াশ রেস্টুরেন্টের মালিক তৈমুর হাসান বিপ্লব জানান, “আমার রেস্টুরেন্টের অনেক সরঞ্জামাদি আগুনে পুড়ে গেছে।”
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-স্টেশন অফিসার মো. বাকী বিল্লাহ জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে।”
Leave a Reply