
সোনারগাঁ উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকায় অবৈধ ছাপাখানায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক গাইড বই ও ছাপানোর মেশিন জব্দ করেছে থানা পুলিশ। জব্দকৃত বইয়ের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে অবৈধভাবে ছাপানো প্রায় ৪ হাজার পিস গাইড বই এবং একটি ছাপানোর মেশিন উদ্ধার করা হয়। এ সময় ছাপাখানায় কর্মরত ১১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণির লেকচার গাইড এবং পাঞ্জেরি প্রকাশনী নাম ব্যবহার করে অনুমতি ছাড়া গাইড বই ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে পুলিশের একটি দল ছাপাখানাটিতে অভিযান চালিয়ে এসব বই ও মেশিন জব্দ করে থানায় নিয়ে আসে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, অবৈধভাবে পরিচালিত ছাপাখানা থেকে বই ও মেশিন জব্দ করা হয়েছে। কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, একই দিনে পৃথক অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
Leave a Reply