
সাভারের মর্মান্তিক রানা প্লাজা ধস ট্রাজেডির ১৩ বছর পূর্তি আগামীকাল। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ধসে পড়া রানা প্লাজার সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আয়োজন করে রানা প্লাজায় আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি এবং আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ড-এর নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি।
প্রতিবাদ সভায় অংশ নেন রানা প্লাজা ও তাজরীন গার্মেন্টসের নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। বক্তারা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শ্রমিক হত্যার বিচার এখনো সম্পূর্ণ হয়নি এবং অনেক ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পরিবার ন্যায্য ক্ষতিপূরণ পাননি।
এসময় শ্রমিকরা রানা প্লাজার মালিক সোহেল রানা এবং তাজরীন গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেনসহ দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
পরে সেখানে নিহত শ্রমিকদের স্মরণে অস্থায়ী শহীদ বেদীতে মোমবাতি প্রজ্বলন করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১,১৩৮ জন শ্রমিক নিহত হন এবং আহত হন আরও কয়েক হাজার। এছাড়া ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১১৪ জন শ্রমিক প্রাণ হারান এবং আহত হন আরও অনেকে।


Leave a Reply