
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়েছে ০৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম জয়নাল টুলু (৪৫)। তিনি সদর উপজেলার মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে।
র্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল নিয়মিত টহল চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে মাদক মজুত করা হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের দলটি জয়নাল টুলুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির গোয়ালঘর থেকে একটি বস্তার ভেতর লুকানো অবস্থায় ০৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মাদক কারবারি জয়নালকে আটক করে র্যাব।
র্যাব-৫ এর মিডিয়া সেল জানায়, এই ঘটনায় ধৃত আসামী এবং সংশ্লিষ্ট পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামীকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদক নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply