
ভারতের মেঘালয় রাজ্যে একটানা বৃষ্টি কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হালুয়াঘাট উপজেলার ৩ টি ইউনিয়ন ভুবনকুড়া, হালুয়াঘাট সদর ও গাজিরভিটা’য় বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। বর্তমানে মেনেং ও বোরাঘাট নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বিভিন্ন স্থানে পাড় ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করে বাড়িঘর, রাস্তা ও বিস্তীর্ণ বোরো ধানের ক্ষেত তলিয়ে গেছে।
এদিকে স্থানীয়ভাবে দুই দিনের টানা বৃষ্টি ও হঠাৎ পাহাড়ি ঢলে পানি বৃদ্ধিতে অনেক কৃষক পাকা ও আধাপাকা ধান ঘরে তুলতে পারেননি। এতে করে বোরো চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান উপজেলার কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। সেই সাথে নদীভাঙন ও জলাবদ্ধতার কারণে বর্তমানে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।
১ নং ভুবনকুড়া ইউনিয়নের মাজড়াকুড়া, কুমারগাতী, মহিষলেটি, আচকিপাড়া, তেলিখালী, কড়াইতলী; ৫ নং গাজিরভিটা ইউনিয়নের বোয়ালমারা, ডুমনীকুড়া, সূর্যপুর, সুমনিয়াপাড়া, কাতলমারী; ৪ নং হালুয়াঘাট সদর ইউনিয়নের গোবরাকুড়া, মনিকুড়া, রাংরাপাড়া,জয়রমকুড়া, কালিয়ানীকান্দাসহ আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
ধারনা করা হচ্ছে, আগামী দু’একদিনের মধ্যে পানি জুগলী, কৈচাপুর, নড়াইল, শাকুয়াই ও বিলডোরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রবেশ করে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে এ পাহাড়ি জনপদে। স্থানীয় এলাকাবাসী ও কৃষকগণ স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সহ দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আশু সহায়তা কামনা করছেন।
Leave a Reply