
রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এন.সি.পি) উদ্যোগে এক বিশাল পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জুলাই, শনিবার বিকেল ৩টায় গোদাগাড়ী উপজেলা ফটকের সম্মুখে এই কর্মসূচির আয়োজন করা হয়।
পদযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক পার্টির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সম্পাদক সারজিস আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমীন, কুড়িগ্রাম-১ আসনের সাংসদ ড. আতিকুর রহমান (মুজাহিদ), জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ এবং রাজশাহী মহানগর সদস্য সচিব ও চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান আতিকসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে নামতে হবে: সারজিস আলম
প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম মাদক সিন্ডিকেট ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের তীব্র সমালোচনা করে বলেন,
মাদক ব্যবসায়ী, চোর, বাটপার, ছেঁচড়া যেগুলো আছে তাদের যদি কোনো রাজনৈতিক শেল্টার না থাকে, আশ্রয় না থাকে, মামলার পর জামিন না হয়, তাহলে তারা কোনো দিন মাদক ব্যবসা করতে পারত না। যারা দিনের আলোতে মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের অন্ধকারে মাদকের লাভের টাকার ভাগ নেয়, তারা কোনো দিন আমাদের নেতা হতে পারে না। তাদের দলের সাথে আমরা কোনো দিন রাজনীতি করতে পারি না।
তিনি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের অনিয়মের কথা উল্লেখ করে বলেন, ৫ আগস্টের পর একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারা স্কুল ম্যানেজিং কমিটি দখল, বাজেট, টেন্ডার ও ইটের টাকা খাওয়া শুরু করেছে। তিনি প্রশ্ন তোলেন,
যে দলের কাছে আমার-আপনার ছেলে-মেয়ের চেয়ে বালুর টাকা বেশি গুরুত্বপূর্ণ, সে কোনো দিন আমার নেতা হতে পারে না।
সাবেক সরকার প্রধানের সমালোচনা করে সারজিস আলম বলেন,
বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর জেলে রাখা হয়েছে, কিন্তু তিনি এ দেশ ছেড়ে পালিয়ে যাননি। কিন্তু আমরা আরেকজনকে দেখলাম, ১৪শ শিশু সন্তানকে খুন করে যে দেশ ছেড়ে পালিয়েছে, সে তো ওই দেশেরই লোক। তাহলে কি আমরা এ দেশকে অন্য দেশের দল দ্বারা পরিচালিত হতে দেব? যারা অন্য রাষ্ট্র দ্বারা পরিচালিত, তারা কি এ দেশে কাজ করতে পারে? সিদ্ধান্ত আপনাদের।
তিনি কোনো মার্কার দাস না হয়ে ‘বস্তাপচা সিস্টেম’ পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, স্কুল নষ্ট হলে শিশুদের জীবন নষ্ট হবে, আর হাসপাতালে লুটপাট চললে রোগীদের জীবনাবসান ঘটবে। তাই নিজের স্বার্থ না দেখে পুরো সিস্টেম ঠিক করার লড়াইয়ে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে এই দুষ্টচক্র ভাঙার তাগিদ দেন।
আলোচনা সভার সমাপনী অংশে উপস্থিত সকলের সামনে আসন্ন নির্বাচনের জন্য গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদে রাজশাহী মহানগর সদস্য সচিব আতিকুর রহমান আতিক-এর নাম ঘোষণা করেন এবং তাঁকে সবার সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন দলের শীর্ষ নেতৃবৃন্দ।
Leave a Reply