
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ১০ দফা দাবিতে আর কে সিরামিক কারখানার কয়েক হাজার শ্রমিক রোববার সকাল সাড়ে ছয়টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। শ্রীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবদুল লতিফ জানান, শ্রমিকরা একপর্যায়ে মারমুখী হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পরে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, ন্যায্য মজুরি, বকেয়া পরিশোধ, কর্মস্থলে নিরাপত্তা, ছুটি ও ওভারটাইমের নির্ধারিত নিয়ম মেনে চলাসহ মোট ১০ দফা বাস্তবায়নের দাবিতে তারা এ কর্মসূচি শুরু করেন।
আর কে সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, “শ্রমিকদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের আগেই শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।”
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে পুলিশ মোতায়েন রয়েছে।
Leave a Reply