
আর্জেন্টিনা জাতীয় দলের সাম্প্রতিক প্রীতি ম্যাচে মাঠে দেখা যায়নি দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে। তবে গ্যালারিতে পরিবারের সঙ্গে বসে পুরো ম্যাচ উপভোগ করেছেন এই তারকা ফুটবলার।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনা ১–০ গোলে জয় পায় ভেনেজুয়েলার বিপক্ষে। জয়সূচক একমাত্র গোলটি করেন জিওভানি লো সেলসো।
মেসির অনুপস্থিতি নিয়ে ম্যাচের আগেই কোচ লিওনেল স্কালোনি জানান, “আমরা ওর সঙ্গে কথা বলেছি। এই ম্যাচগুলো মূলত পরীক্ষা–নিরীক্ষার জন্য। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মেসিকে বিশ্রাম দেওয়ার।” ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও একই কথা পুনর্ব্যক্ত করেন স্কালোনি—“মেসি খেলেনি, কারণ আমি তাই চেয়েছি।”
গত এক মাসে ইন্টার মায়ামির হয়ে টানা সাতটি ম্যাচ খেলেছেন মেসি, যার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক ও টরোন্টো সফরও। দীর্ঘ ভ্রমণ ও ম্যাচের চাপ বিবেচনায় তাকে বিশ্রাম দেওয়াই শ্রেয় মনে করেছে আর্জেন্টিনা কোচিং স্টাফ।
তবুও গ্যালারিতে বসে সতীর্থদের খেলা চোখে চোখে রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক। পরিবারের সঙ্গে থেকে উপভোগ করেছেন ম্যাচের প্রতিটি মুহূর্ত।
এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তরুণ খেলোয়াড় ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো চোটের কারণে বাকি সফর থেকে ছিটকে গেছেন।
Leave a Reply