
রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ মরদেহগুলো দেখতে পেয়ে তা উদ্ধার করে।
নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), সন্তান প্রার্থী চক্রবর্তী (২৫) এবং প্রীয়ম চক্রবর্তী (১২)।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বাড়িটি বেশ কিছু সময় ধরে তালাবদ্ধ থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে চারজনের মরদেহ উদ্ধার করে।
সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, একই পরিবারের চারজনের মৃত্যু কীভাবে হলো?
এটি কি হত্যাকাণ্ড, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। পুলিশও মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। মরদেহগুলোর ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
একটি পরিবারের চারটি প্রাণ। একই ঘরে নীরবে পড়ে থাকা চারটি মরদেহ। আর বাইরে তালাবদ্ধ একটি বাড়ি। থামছেনা যেনো মৃত্যুর মিছিল।
এই ঘটনার পেছনের সত্য কী, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
এ ঘাটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি সহ আতঙ্ক বিরাজ করছে। স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
Leave a Reply