
ময়মনসিংহের ফুলপুরে উপজেলায় এক বৃদ্ধা দাদিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে তারই মাদকাসক্ত নাতি।
গত ২৯ এপ্রিল দিবাগত রাত ৯.৩০ টার দিকে ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত দাদি আয়েশা আক্তার (৭৮) ঘাতক নাতি জসিমের সঙ্গে একই বাড়িতে থাকতেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ঘাতক নাতি জসিম উদ্দিন (২৮)-কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল হাসান জানান, অভিযুক্ত জসিম এলাকার বখাটে। তার বাবা মারা যাওয়ার পর মা অন্যত্র বিয়ে করে চলে যান। কিছু জমি থাকলেও তার মা নেশাগ্রস্ত ছেলেকে না নিয়ে ননদের কাছে হস্তান্তর করেন। জমি ফেরত নেওয়া নিয়ে জসিম প্রায়ই তার দাদির সঙ্গে ঝগড়া করত। জমি নিয়ে গত রাতেও দাদি-নাতির মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ির উঠানে দাদিকে দা দিয়ে জসিম উপর্যুপরি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।
পরে উত্তেজিত এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
Leave a Reply