
মানিকগঞ্জের জয়রা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ ময়দা ও নিম্নমানের তেল ব্যবহার করে ফুচকা ও চটপটির কাঁচামাল তৈরির অভিযোগে এক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই দিন শিবালয় উপজেলার আরিচা বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে ফল বিক্রির দায়ে দুটি ফলের দোকানকে আরও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার জয়রা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘শফিকুল ফুচকা’র মালিক শফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযানটি পরিচালনা করেন।
এর আগে একই দিন সকালে শিবালয় উপজেলার আরিচা বাজারে দুটি ফলের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে ফল বিক্রির দায়ে ‘আফজাল ফল ভান্ডার’-এর মালিক আফজাল হোসেন ও ‘ইয়াসিন ফল ভান্ডার’-এর মালিক ইয়াসিনকে তিন হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪৫ ধারায় ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশন আরা বেগমসহ আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তার অধিকার রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে সচেতনতা জরুরি:
ফুচকা ও চটপটির মতো জনপ্রিয় রাস্তার খাবার কেনার ক্ষেত্রে পরিচ্ছন্ন পরিবেশ, খাবার তৈরিতে ব্যবহৃত উপকরণের মান এবং বিক্রেতার স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে কি না, সে বিষয়ে ক্রেতাদের সচেতন থাকা জরুরি। পাশাপাশি খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ খাদ্যবিধি মেনে চলা এবং বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি প্রয়োজন।
Leave a Reply