
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার ড. আকবর হোসেন (বাবলু) বলেছেন, “বিগত ১৭ বছর স্বৈরাচার হটাতে আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি, তখন আপনারা ছিলেন শিশু, দুধের বাচ্চা।”
শনিবার (১৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঘিওর–দৌলতপুর–শিবালয় নিয়ে গঠিত মানিকগঞ্জ–১ আসনের তিন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তব্যে আকবর হোসেন বলেন, “দেশে এখন কোনো নিরাপত্তা নেই। প্রকাশ্য দিবালোকে মানুষ খুন হচ্ছে, মসজিদের ভেতরেও খুন হচ্ছে। চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য—সবই বেড়ে গেছে। বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করে যারা চরিত্রহনন করছে, তাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামবো।”
তিনি বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে কেউ কটূক্তি করলে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না। যারা এমন স্পর্ধা দেখাবে, তাদের রাজপথেই মোকাবিলা করা হবে।”
দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরে আকবর হোসেন বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি এমপি হই, তাহলে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি বলে কিছু থাকবে না। জনগণের কল্যাণে কাজ করবো।”
এ সময় মানিকগঞ্জ–১ আসনের তিন উপজেলা—ঘিওর, শিবালয় ও দৌলতপুরের কয়েক হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply