নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট সোমবার (৮ সেপ্টেম্বর) জানিয়েছে, নিউ বানেশ্বর এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর জেলা প্রশাসন কারফিউ ঘোষণা করেছে। কাঠমান্ডুর প্রধান জেলা কর্মকর্তা ছাবিলাল রিজাল স্থানীয় প্রশাসন আইনের ৬ ধারা অনুযায়ী দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ কার্যকর করেছেন।
নিউ বানেশ্বর চৌক থেকে পশ্চিমে এভারেস্ট হোটেল ও বিজুলি বাজার আর্চ ব্রিজ, পূর্বে মিন ভবন ও শান্তিনগর হয়ে টিঙ্কুনে চৌক, উত্তরে আইপ্লেক্স মল হয়ে রত্ন রাজ্য সেকেন্ডারি স্কুল এবং দক্ষিণে শঙ্খমুল ব্রিজ পর্যন্ত এলাকাগুলো কারফিউর আওতায় এসেছে। এই এলাকায় চলাফেরা, জমায়েত, বিক্ষোভ বা অবরোধ সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রাথমিকভাবে সীমিত এলাকার জন্য জারি করা কারফিউ সম্প্রসারণ করা হয়েছে, কারণ বিক্ষোভকারীরা চলাচল নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করেছেন। বর্তমানে প্রেসিডেন্টের শীতল নিবাস, উপ-রাষ্ট্রপতির বাসভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, সিংহ দরবার এবং আশপাশের সংবেদনশীল অঞ্চলও কারফিউ এলাকায় রয়েছে।
প্রশাসন জানিয়েছে, অশান্তি রোধ ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাই কারফিউ সম্প্রসারণের মূল লক্ষ্য। মূলত দুর্নীতি ও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, স্ন্যাপচ্যাটসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে কয়েক হাজার তরুণ সড়কে নেমেছেন।
Leave a Reply