
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে সম্মিলিত সাষ্টিয়ান ঐক্য প্যানেল থেকে আইন ও মানবাধিকার সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. খালিদ সাইফুল্লাহ। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহের পর প্রতিক্রিয়ায় খালিদ সাইফুল্লাহ বলেন, শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং একটি আধুনিক, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থী–বান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, “ধর্ম, বর্ণ কিংবা মতাদর্শ নির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমি কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, সততা, সাহস ও শিক্ষার্থীদের কল্যাণকে সামনে রেখেই শাকসুকে একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদে রূপান্তর করা প্রয়োজন। আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে নির্বাচিত হলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে নির্ভীক ভূমিকা রাখার অঙ্গীকার করেন তিনি।
খালিদ সাইফুল্লাহ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার নিহন্দ গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মোহাম্মদ কামরুজ্জামান। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পারিবারিকভাবে পাঁচ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। তাঁর বড় ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। মেঝো ভাই মুহাম্মদ আবু দাউদ (এমবিএ) মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক এবং সেঝো ভাই মো. আবু তালহা মুন্নু মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোট ভাইয়ের হিফজ পড়াশোনা চলমান রয়েছে।
শিক্ষার্থী রাজনীতিতে সক্রিয় এই প্রার্থী সকল শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, ইনশাআল্লাহ শাকসু হবে অধিকার, মর্যাদা ও নেতৃত্বের সত্যিকারের মঞ্চ।
Leave a Reply