
নেইমারের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আজ বেলো হরিজন্তেতে তাঁর বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হবে। গত মাসের শেষ দিকে পাওয়া সেই মেনিসকাস চোট নিয়ে মাসখানেক ধরেই ভুগছিলেন। চোট নিয়েই অবশ্য নাড়ির টান আর দায়বদ্ধতা থেকে সান্তোসের অবনমন ঠেকানোর মিশনে নেমেছিলেন, সফলও হয়েছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, অস্ত্রোপচার শেষে পুরোপুরি সেরে উঠতে নেইমারের সর্বোচ্চ এক মাস সময় লাগতে পারে।
মিনাস গেরাইসের রাজধানী শহরে গতকালই পৌঁছে গেছেন নেইমার। তাঁর অস্ত্রোপচার করবেন ব্রাজিল জাতীয় দল ও আতলেতিকো মিনেইরোর চিকিৎসক রদ্রিগো লাসমার। পুরো প্রক্রিয়াটি দেখভাল করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
অস্ত্রোপচারের ধরনটি হলো ‘আর্থ্রোস্কোপি’। সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। ক্লাব কর্তৃপক্ষ অবশ্য ঘরের ছেলেকে ছাড়তে নারাজ, চুক্তি নবায়নের জোর সম্ভাবনা আছে। ফেব্রুয়ারির শুরুর দিকে নেইমার আবার বল পায়ে মাঠে দৌড়াতে পারবেন বলে আশা করা হচ্ছে।
তবে সবার চোখ এখন ২০২৬ বিশ্বকাপে। জাতীয় দলের জার্সিতে নেইমারকে সবশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে এসিএল চোটে পড়ার পর থেকেই যেন চোটের সঙ্গে তাঁর লুকোচুরি খেলা চলছে। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন—বিশ্বকাপ খেলতে হলে নেইমারকে শতভাগ ফিট হতে হবে এবং নিয়মিত খেলার মধ্যে থাকতে হবে। সান্তোসকে বাঁচানোর লড়াইয়ে গোল করলেও নেইমার যে পুরোপুরি ফিট ছিলেন না, এই অস্ত্রোপচারই তার বড় প্রমাণ।
অবশ্য অস্ত্রোপচারের টেবিলে যাওয়ার আগে নেইমারের আত্মবিশ্বাসে কোনো কমতি নেই। গত শনিবার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিকে নিয়ে এক সংগীতানুষ্ঠানে গিয়ে ২০২৬ বিশ্বকাপ নিয়ে বড় এক বাজিই ধরেছেন ৩৩ বছর বয়সী এই তারকা।
Leave a Reply