




নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট দলের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী ‘ওয়ানডে ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে বিদ্যালয় চত্বরে কেক কেটে এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিট লিডার মো. সাজিউল ইসলাম সাজুসহ নজিপুর উচ্চ বিদ্যালয়, চকনিরখীন, গগনপুর ও নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট ইউনিটের সদস্যরা।
দিনব্যাপী আয়োজনে স্কাউটিং বিষয়ে পাঠদান, তাবুবাস ও বিভিন্ন গ্যাজেট তৈরি কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে বিকেলে প্রায় আড়াই ঘণ্টার ‘হাইকিং’ কার্যক্রমের মধ্য দিয়ে ওয়ানডে ক্যাম্পের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ১৯৭৬ সালে যাত্রা শুরু করা নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট দল ২০২৬ সালে গৌরবের ৫০ বছর পূর্ণ করেছে। দীর্ঘ পাঁচ দশক ধরে দলটি শিক্ষার্থীদের মধ্যে সততা, সেবা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
স্কাউট সদস্যরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী স্কাউট দলটি দেশব্যাপী সুনাম অর্জন করবে এবং সমাজ ও দেশের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply