
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে রুটি বানানোর ‘বেলুন’ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার সূত্র ধরে ঘাতক স্বামী বিল্লালকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল তার স্ত্রী ইতি আক্তারকে নিয়ে ভাড়া থাকতেন বাতানপাড়া এলাকায় ইব্রাহিম মিয়ার বাড়িতে । তার স্ত্রী ইতি আক্তার পরকীয়া করছে বলে সন্দেহ করতেন তিনি। এ নিয়ে রাত সাড়ে ১০টার দিকে দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। তখন বিল্লাল ঘরের দরজা বন্ধ করে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীর মাথায় জোরে আঘাত করে।স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলেও বিল্লাল ঘরের দরজা খুলেনি।
পরবর্তীতে কিছুক্ষণ পর দরজা খুললে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে দেখেন ইতি আক্তার রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তখন স্থানীয়রা স্বামী বিল্লালকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, নিহতের স্বামী বিল্লালকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার ও প্রস্তুতি নেয়া হচ্ছে।
Leave a Reply