
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) আমান উল্লাহ আমান। তার দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অংশ ইসলামী ছাত্রশিবিরকে পরোক্ষভাবে সমর্থন জোগাচ্ছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে কালবেলাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “প্রতিদ্বন্দ্বী প্রায় সব ছাত্র সংগঠনই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। কারণ, একই জায়গায় ভিন্ন ভিন্ন নিয়ম প্রয়োগ হচ্ছে।”
অমান বলেন, “ডাকসু বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট হিসেবে পরিচিত। এখান থেকে ছাত্রনেতৃত্ব গড়ে ওঠে, পরে তারা জাতীয় নেতৃত্ব তৈরি করে। কিন্তু আজকের নির্বাচনে এমন কিছু দৃশ্য দেখা গেছে যা প্রক্রিয়াটিকে বিতর্কিত করেছে। টিএসসির সামনে ও অমর একুশে হলের সামনে শিবির সমর্থিত প্যানেলের ‘ক্রস চিহ্ন’ দেওয়া ব্যালট হাতে পাওয়া গেছে। ফলে ছাত্রসমাজ ও বিভিন্ন সংগঠন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে।”
তিনি আরও অভিযোগ করেন, “টেলিভিশনে দেখেছি শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট গণনার ভেতরে বসে আছেন। অথচ ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদকে ভেতরে ঢুকতেই দেওয়া হয়নি। একই জায়গায় দুই নিয়ম চলছে। এতে স্পষ্ট, প্রশাসনের একটি অংশ ছাত্রশিবিরকে আড়াল থেকে সহায়তা দিচ্ছে।”
ডাকসুর সাবেক ভিপি আরও জানান, “বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিক্রিয়া থেকেও পরিষ্কার হচ্ছে—প্রায় সবাই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। আমরা এখনো পর্যবেক্ষণে আছি। এর পর ছাত্রদল আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানাবে, তখন জাতি আসল পরিস্থিতি জানতে পারবে।
Leave a Reply