
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য আগামী ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্ব প্রদানের সুপারিশ করেছে সরকার।
অপতথ্য মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
আজ বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “এনসিটি পরিচালনায় যারা বর্তমানে কর্মরত আছেন, তাদের চাকরির কোনো ক্ষতি হবে না। প্রয়োজনে বাংলাদেশ নৌবাহিনী পূর্বের অভিজ্ঞ অপারেটরদের সহায়তাও নিতে পারবে।”
উপদেষ্টা আরও জানান, মঙ্গলবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এনসিটি পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা একজন অপারেটর নিয়োগ করবে, তবে সরকারের বিবেচনায় নৌবাহিনী এই দায়িত্ব পালনে উপযুক্ত।
দেশীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো বিদেশি কোম্পানিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হবে না—এমন নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, “এখনো পর্যন্ত বিদেশি কোনো কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদিত হয়নি। বর্তমান সরকার কখনোই দেশবিরোধী কোনো চুক্তি করবে না।”
তবে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে বিদেশি অপারেটরদের অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও বলেন তিনি। “ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশের সমুদ্রবন্দরগুলো ডিপি ওয়ার্ল্ড, এডি পোর্টের মতো বিশ্বমানের সংস্থাগুলোর দ্বারা সফলভাবে পরিচালিত হচ্ছে,” উল্লেখ করে তিনি জানান, দুবাই পোর্ট ওয়ার্ল্ড (ডিপি ওয়ার্ল্ড)-এর সঙ্গে এনসিটি পরিচালনার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। তবে মালিকানা ও কর্তৃত্ব থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাতেই।
বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, “পণ্য খালাসের সময় কমে আসবে, বড় জাহাজ ভিড়বে, নতুন নৌরুট তৈরি হবে, জাহাজ ভাড়া কমবে এবং বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং ১৫ থেকে ২০ শতাংশ বাড়বে।” বর্তমানে যেখানে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টিইইউস হ্যান্ডলিং হচ্ছে, তা ছয় হাজারে উন্নীত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রকল্প পরিচালকের নিয়োগে তদবির চলবে না:কৃষি উপদেষ্টা
এ সময় উপদেষ্টা সাইফ পাওয়ারটেক-এর সঙ্গে বিদ্যমান চুক্তিগুলো অপরিবর্তিত থাকবে বলেও জানান।
মতবিনিময়কালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
Leave a Reply