
ঢাকার আশুলিয়ায় স্কুল ছুটির পর নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু সাইমকে ময়মনসিংহ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নাদিম ওরফে হৃদয় (৩৩) ও তার দ্বিতীয় স্ত্রী আসমা আক্তার (৩১)কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৩ অক্টোবর সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে আশুলিয়ার পলাশবাড়ী পশ্চিমপাড়া গোচারটেক এলাকার আলহাজ আব্দুর রশিদ মডেল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে থেকে প্লে-শ্রেণির ছাত্র সাইম নিখোঁজ হয়। পরে শিশুটিকে আটকে রেখে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মো. নাছির উদ্দিন আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর শিশুটিকে উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার পর শিশুটির অবস্থান ময়মনসিংহে শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ময়মনসিংহের ভালুকা থানাধীন মনোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে নাদিম ওরফে হৃদয় ও আসমা আক্তারকে গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে সাইমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন পিপিএম জানান, শিশুটিকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সে বিষয়েও তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের ঘটনায় পরিবারে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে স্কুলের আশপাশে শিশুদের নিরাপত্তা এবং অভিভাবকদের সতর্কতার বিষয়টি নতুন করে সামনে এসেছে।
Leave a Reply