
ঢাকার সাভারে মহাসড়কের পাশের জঙ্গলে এক তরুণীকে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। পরে ভুক্তভোগী তরুণীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) বিপরীত পাশে মিনি চিড়িয়াখানা-সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে বোনের সঙ্গে কথা কাটাকাটির পর ওই তরুণী বাসা থেকে বের হয়ে মহাসড়ক ধরে সাভারের দিকে যাচ্ছিলেন। মিনি চিড়িয়াখানা এলাকার কাছে পৌঁছালে আমিনুল তাকে অনুসরণ করেন বলে অভিযোগ। একপর্যায়ে নির্জন স্থানে ওই তরুণীকে জাপটে ধরে মহাসড়কের পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার সময় তরুণীর চিৎকার শুনে একজন পথচারী বিষয়টি কাছাকাছি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জঙ্গলে তল্লাশি শুরু করে। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং তরুণীকে উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply